চলচ্চিত্র পরিচালক সঞ্জয়লীলা বনশালির ছবি মানেই বড় বাজেট, গ্র্যান্ড সেট এমনটাই বলিউড মহলে পরিচিত। তবে তাঁর নতুন প্রোজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক।
রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত এই ছবির শুটিং চলাকালীন এক ক্রু সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে চাপ বাড়ছে প্রযোজনা সংস্থার উপর। মৃত কর্মীর নাম চন্দ্রধারী সিং যাদব বলে জানা গিয়েছে। ঘটনার পরই একাধিক ফিল্ম শ্রমিক সংগঠন ক্ষতিপূরণ ও তদন্তের দাবি তুলেছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং FSSAMU যৌথভাবে প্রযোজনা সংস্থার কাছে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। পাশাপাশি আরও একধাপ এগিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে দাবি করা হয়েছে, মৃতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ, উচ্চপর্যায়ের তদন্ত এবং পরিচালক সঞ্জয়লীলা বনশালির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শুটিং সেটে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে মানা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত তাঁর চিঠিতে অতীতের একাধিক দুর্ঘটনার প্রসঙ্গও উল্লেখ করেছেন। তাঁর দাবি, বনশালির বিভিন্ন ছবির সেটে আগেও প্রাণহানি ঘটেছে - ‘দেবদাস’, ‘পদ্মাবত’ এবং সাম্প্রতিক ‘লাভ অ্যান্ড ওয়ার’ শুটিং পর্যন্ত একাধিক দুর্ঘটনার নজির রয়েছে বলে অভিযোগ।
চন্দ্রধারী সিং যাদবের পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে বলে জানা গিয়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর স্ত্রী ও দুই অপ্রাপ্তবয়স্ক কন্যা এখন দিশেহারা অবস্থায় রয়েছেন। পুরো ঘটনায় এখনও পর্যন্ত সঞ্জয়লীলা বনশালি বা তাঁর প্রযোজনা সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন