লন্ডন: দিল্লির যন্তরমন্তরে শিক্ষা সংস্কারের দাবিতে সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুকের আমরণ অনশন যখন ২০ দিনে পা দিয়েছে, ঠিক তখনই বলিউড ও নেটপাড়ায় আছড়ে পড়ল এক বিরাটলঙ্কা কাণ্ড। দীর্ঘ তিন সপ্তাহ ধরে সোনমের এই মরণপণ লড়াই নিয়ে সুপারস্টার আমির খানের রহস্যজনক নীরবতা নিয়ে যখন তীব্র সমালোচনা চলছিল, এমনকি অভিনেতাকে ‘মেরুদণ্ডহীন’ তকমা দিতেও ছাড়েননি অনেকে, ঠিক তখনই সুদূর লন্ডন থেকে নীরবতা ভাঙলেন খোদ আমির। কিন্তু মুখ খুলেই তিনি যা জানালেন, তাতে কার্যত আকাশ থেকে পড়েছেন চলচ্চিত্র প্রেমী থেকে শুরু করে সোনমের সমর্থকেরা। আমির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাস্তবের ‘র্যাঞ্চো’ বলে পরিচিত সোনম ওয়াংচুককে তিনি কিংবা ছবির পরিচালক কেউই চিনতেন না! কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সঙ্গে সোনমের দূর-দূরান্তের কোনও সম্পর্ক নেই। আমিরের এই বিস্ফোরক মন্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে— তবে কি এতদিন সোনমকে জড়িয়ে যা রটেছে, তার পুরোটাই স্রেফ প্রচারের আলো টানার কৌশল ছিল?
লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে নিজের ছবি প্রদর্শনের পর এক প্রশ্নোত্তর পর্বে সোনম ওয়াংচুককে নিয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়েন আমির খান। সেখানেই এই বিভ্রান্তি নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করে আমির বলেন, “এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। কয়েকদিন আগে চতুরের (ওমি বৈদ্য) একটা ভিডিও দেখলাম। ও যা বলেছে, সেটা মোটেও ঠিক নয়। ‘থ্রি ইডিয়টস’ লেখা বা তৈরি হওয়ার সময় পরিচালক রাজকুমার হিরানি, চিত্রনাট্যকার অভিজিৎ জোশী কিংবা আমি নিজে— আমরা কেউই সোনম ওয়াংচুককে চিনতাম না। ব্যক্তিগতভাবেও আমি ওঁকে জানতাম না।” আসলে সম্প্রতি ওই ছবির ‘চতুর রামালিঙ্গম’ চরিত্রাভিনেতা ওমি বৈদ্য একটি ভিডিও বার্তায় সোনমের অনশনকে সমর্থন করে দাবি করেছিলেন যে, সিনেমার মূল চরিত্র ‘ফুনসুখ ওয়াংড়ু’ আসলে সোনমের জীবন থেকেই অনুপ্রাণিত। ওমির সেই দাবিকে নস্যাৎ করলেও অবশ্য সোনমের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন আমির। তিনি যোগ করেন, সোনম বর্তমানে যে কাজ করছেন, তা সম্পূর্ণ সঠিক। কিন্তু তাঁকে সম্মান জানাতে জোর করে সিনেমার নাম জড়ানোর কোনও প্রয়োজন নেই।
এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড থেকে শুরু করে দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনার দাবিতে যন্তরমন্তরে সোনম ওয়াংচুকের অনশন ঘিরে উদ্বেগ এখন চরমে। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, ২০ দিনের অনশনে ইতিমধ্যেই সোনমের শরীর ভেঙে পড়েছে, ওজন কমেছে প্রায় ৯ কেজি। রক্তচাপ ও সুগার লেভেল মারাত্মকভাবে নেমে যাওয়ায় যে কোনও সময় বড়সড় বিপদের আশঙ্কা করা হচ্ছে। এই প্রসঙ্গে আমিরও উদ্বেগ প্রকাশ করে বলেন, “অনেকেই চাইছেন সোনম এবার অনশন ভাঙুন, আমিও চাই উনি নিজের জীবনের কথা ভাবুন।” সোনমের এই লড়াইয়ের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ, অপর্ণা সেন, ঋদ্ধি সেন, স্বরা ভাস্কর, শাবানা আজমি ও সোনাক্ষী সিনহার মতো তারকারা। অভিনেতা অতুল কুলকার্নি তো প্রতীকী অনশনেও বসেছেন। কিন্তু এই সংহতির মাঝেই আমিরের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিল। কারণ, অতীতে সোনম ওয়াংচুক নিজেই দাবি করেছিলেন যে ছবির চরিত্রটি তাঁর জীবন দ্বারা অনুপ্রাণিত। আমিরের এই উল্টো সুরের পর এখন সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন— তবে আসল সত্যিটা ঠিক কী?

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন