গাড়ি চালকের শরীর থেকে মদের গন্ধ পেলেই তাঁকে নেশাগ্রস্ত বলে ধরে নেওয়া যাবে না। কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা নিশ্চিত করতে ব্রেথ অ্যানালাইজ়ার পরীক্ষা বা রক্ত পরীক্ষার মতো বৈজ্ঞানিক প্রমাণ প্রয়োজন। এক সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল উত্তরাখণ্ড হাইকোর্ট।
মামলার সূত্রপাত চামোলির বাসিন্দা অমর সিংকে ঘিরে। বদ্রীনাথ থেকে ফেরার পথে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেই ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয় এবং কয়েক জন আহত হন। দুর্ঘটনার পর পুলিশ দাবি করে, ঘটনার সময় অমর নেশাগ্রস্ত ছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে উচ্চ আদালতে মামলাটি পৌঁছলে গোটা বিষয়টি নতুন করে খতিয়ে দেখা হয়। বিচারপতি অলোক মেহরার বেঞ্চ জানায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পর চালকের শরীর থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়া গিয়েছিল বলে উল্লেখ করা হলেও, তিনি আদৌ কতটা নেশাগ্রস্ত ছিলেন, তা নির্ধারণের জন্য কোনও ব্রেথ অ্যানালাইজ়ার পরীক্ষা বা রক্ত পরীক্ষা করা হয়নি। ফলে শুধুমাত্র গন্ধের ভিত্তিতে তাঁকে মদ্যপ বলে চিহ্নিত করা আইনসঙ্গত নয়। শুধু তাই নয়, আদালত আরও জানায় যে দুর্ঘটনার নেপথ্যে অন্য কারণও ছিল। তদন্তে উঠে এসেছে, আচমকা গাড়ির টায়ার ফেটে যাওয়ার জেরেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির যান্ত্রিক পরীক্ষা এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকেও সেই তথ্য মিলেছে। সেই কারণেই অমর সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া অপরাধমূলক হত্যার মামলা খারিজ করে দেয় হাইকোর্ট।
এই রায়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, কোনও ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনতে হলে অনুমান নয়, প্রয়োজন নির্ভরযোগ্য ও বৈজ্ঞানিক প্রমাণ। শুধুমাত্র মদের গন্ধের উপর ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে আদালত। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রেও দাবি করা হয়েছে, রাজ্যেও একই পদ্ধতি অনুসরণ করা হয়। ব্রেথ অ্যানালাইজ়ার পরীক্ষায় নির্ধারিত সীমার বেশি অ্যালকোহল পাওয়া গেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। শুধুমাত্র শরীর থেকে মদের গন্ধ বেরোচ্ছে বলে কোনও চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় না বলেই জানিয়েছেন একাধিক পুলিশ আধিকারিক।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন