রাতের নিস্তব্ধতা ভেঙে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর। শনিবার রাতে সুপারি বাগান এলাকার একটি ভাড়া বাড়িতে ঘটে এই ঘটনা। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং গুরুতর জখম হন এক ব্যক্তি। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাত্র দু'-তিন দিন আগে এক দালালের মাধ্যমে দুই ব্যক্তি ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন। তাঁরা বাড়ির মালিককে জানিয়েছিলেন, শুধুমাত্র রাতে এসে থাকবেন। ঘটনার দিন রাতেও তাঁদের একজনকে হাতে একটি সাদা ব্যাগ নিয়ে ঘরে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণ পর ব্যাগটি ঘরে রেখেই তিনি বেরিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, তার মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনার পুরো দৃশ্য বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা, জানালা এবং দেওয়ালের একাংশ ভেঙে যায়। পাশাপাশি লাগোয়া ঘরে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, বিস্ফোরণের পিছনে বোমা ব্যবহৃত হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক সুতলি বোমার অংশ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ঘরটিতে আগে থেকেই বিস্ফোরক মজুত ছিল, নাকি সাদা ব্যাগে করে তা আনা হয়েছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক বিশেষজ্ঞদেরও ঘটনাস্থলে ডাকা হয়েছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন