গুজরাটের আহমেদাবাদে শনিবার সকালে একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জনের বেশি। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় কারখানার ভিতরে থাকা শ্রমিকদের অনেকেই আটকে পড়েন। খবর পেয়ে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ঘটনাটি ঘটেছে রামোল-গাত্রাদ রোড সংলগ্ন এলাকায়। স্থানীয়দের দাবি, বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আশপাশের বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যে কারখানাটিতে বিস্ফোরণ হয়েছে সেটি বৈধ অনুমতি ছাড়াই চালানো হচ্ছিল। পুলিশ জানিয়েছে, বহুদিন আগেই কারখানার লাইসেন্স বাতিল হয়ে গিয়েছিল। তবুও সেখানে উৎপাদন চলছিল বলে অভিযোগ। কারখানার অপারেটর মেহুল দোদিয়ার ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে।
বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল খতিয়ে দেখছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন