কলকাতা: তৃণমূলের অন্দরে বিদ্রোহের আগুন এবার পারিবারিক সম্পর্কের আঙিনায় এসে পৌঁছালো। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক সংঘাতের আবহেই এবার তাঁর দেওয়া সমস্ত উপহার সসম্মানে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে তথা চিকিৎসক বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। শুধু উপহার ফেরানোই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের তিন শীর্ষ সাংসদকে এবার আইনি নোটিস পাঠাতে চলেছেন তিনি। রবিবারের এই বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্ট এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন আলোড়ন তৈরি করেছে। ছেলের এই সাহসী সিদ্ধান্তে পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় গর্ব প্রকাশ করেছেন খোদ কাকলি ঘোষ দস্তিদারও।
সোশ্যাল মিডিয়ায় বৈদ্যনাথ স্পষ্ট জানিয়েছেন যে, গত ৪-৫ বছর ধরে দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যে পোশাক উপহার দিয়েছেন এবং তাঁদের বিয়েতে তাঁর স্ত্রীকে যে সোনার নেকলেসটি দিয়েছিলেন, তার প্রতিটিই তিনি কালীঘাটের বাড়িতে গিয়ে ফেরত দিয়ে আসবেন। এই বিষয়ে বৈদ্যনাথ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে আমাকে যে পাঞ্জাবি-পাজামা দিয়েছেন এবং আমার বিয়ের সময় স্ত্রীকে যে গলার হার দিয়েছিলেন, ব্যক্তিগত কারণে সেই সব সৌজন্যের দান আমি ফিরিয়ে দেওয়াই সমীচীন মনে করছি। এমনকি ওই হারটি দু’বছর আমাদের কাছে থাকার জন্য যদি আমায় সুদও দিতে হয়, আমি তাও দিয়ে দেব। ওঁর মতো মানুষের কাছ থেকে আমি আর কিছুই চাই না।” নেত্রীর প্রতি এমন চরম অনীহা এবং উপহার ত্যাগের ঘটনা রাজনৈতিক মহলে এক বড়সড় সংকেত হিসেবেই দেখা হচ্ছে।
কাকলির নোটিশে তৃণমূলের অন্দরের কোন্দল প্রকাশ্যে: অগ্নিমিত্রা পাল
তবে লড়াই কেবল উপহার ফেরানোতেই সীমাবদ্ধ নেই। বৈদ্যনাথ জানিয়েছেন, সোমবার তাঁর আইনজীবীর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সৌগত রায় ও মহুয়া মৈত্রকে আইনি নোটিস পাঠানো হচ্ছে। নেপথ্যে রয়েছে মাসখানেক আগে মুখ্যমন্ত্রীর করা একটি মন্তব্য। সেখানে মমতা অভিযোগ করেছিলেন যে, এক সাংসদ তাঁর ছেলের টিকিটের জন্য তদ্বির করেছিলেন এবং তা না মেলায় দল ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছেন।
বৈদ্যনাথের দাবি, মমতা সরাসরি নাম না নিলেও তাঁর ও তাঁর মায়ের সম্মানহানি করেছেন এবং পরবর্তীতে সৌগত রায় ও মহুয়ারা সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছেন। এই মন্তব্যের জন্য প্রকাশ্য ক্ষমা না চাইলে তিনি হাইকোর্টে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, কাকলি ঘোষ দস্তিদারই ছিলেন এই দফার প্রথম ‘বিদ্রোহী’ সাংসদ, যাঁর নেতৃত্বে ২০ জন তৃণমূল সাংসদ এখন দিল্লিতে এনডিএ-তে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের এই চূড়ান্ত বিচ্ছেদ এখন তৃণমূলের অভ্যন্তরীণ ভাঙনকেই আরও স্পষ্ট করে তুলল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন