জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে বরাবরই নজর কাড়ে গ্ল্যামারাস তারকারা। কিন্তু এবারের মঞ্চে দেখা গেল একেবারে অন্য ছবি। বলিউডের বড় বড় নামের ভিড়ে বাংলার তিন খুদে শিল্পীই হয়ে উঠলেন অন্যতম আকর্ষণ। সৌরভ পালোধী পরিচালিত ‘অঙ্ক কী কঠিন’ ছবির জন্য সেরা শিশুশিল্পীর সম্মান পেল ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করে তারা। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানটি এবার দিল্লিতে হয়নি। অনুষ্ঠিত হয়েছে একতা নগরে, যার ফলে জাতীয় পুরস্কারের ইতিহাসেও তৈরি হয়েছে নতুন অধ্যায়। অনুষ্ঠানে তিন খুদেকেই দেখা গেছে একেবারে বাঙালিয়ানার সাজে। সুতোর কারুকাজ করা পোশাকে হাজির হয়েছিল ঋদ্ধিমান ও তপোময়। পুরস্কার নিতে যাওয়ার আগেও নিজেদের মতো করে নজর কেড়ে নেয় তাঁরা। ক্যামেরার সামনে হঠাৎই সলমন খানের জনপ্রিয় ছবির সংলাপ বলতে শুরু করে দুই খুদে। ‘ওয়ান্টেড’-এর সেই পরিচিত সংলাপ ‘এক বার জো ম্যায়নে কমিটমেন্ট কর দি…’এসব বলেই তাক লাগিয়ে দেয় তাঁরা।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক তারকারা। কার্তিক আরিয়ান, মামুট্টি, ইয়ামি গৌতম-সহ একাধিক তারকা ও চলচ্চিত্রকর্মী সম্মানিত হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তবে বাংলার দর্শকদের কাছে এদিনের অন্যতম গর্বের মুহূর্ত নিঃসন্দেহে ‘অঙ্ক কী কঠিন’-এর তিন খুদের এই সাফল্য।
বিষয় : Tollywood National Film Awardees

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন