কলকাতা: করবা চৌথে স্বামীর দীর্ঘায়ু কামনা করেন বহু মহিলা। বলিউডের একাধিক অভিনেত্রী ও তারকা-পত্নীও এই উৎসবে সামিল হন। করবা চৌথের নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন শিল্পা শেট্টি থেকে শুরু করে মীরা রাজপুত, তাহিরা কাশ্যপ, অঙ্কিতা লোখান্ডের মতো তারকারা। এরই মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর একটি মন্দিরে পুজো দেওয়ার ভিডিও। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে শোনা যাচ্ছে তাঁকে। আর সেই ভিডিও ঘিরেই তৈরি হয়েছে বিভ্রান্তি।
দর্শকের একাংশ মনে করছেন, করবা চৌথ উপলক্ষে মোদির জন্য প্রার্থনা করেছেন কঙ্গনা। কিন্তু ভাইরাল ভিডিওটির সঙ্গে চলতি বছরের করবা চৌথের কোনও যোগ নেই। প্রার্থনায় কঙ্গনা বলেন, “যিনি দেশের সুরক্ষাকবচ, আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের প্রধানমন্ত্রী যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সেই প্রার্থনাই করছি।” পুজো শেষে মন্দিরের বাইরে সংবাদমাধ্যমের সামনেও মোদীর ভূয়সী প্রশংসা করেন অভিনেত্রী।
তবে ভিডিওটির প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। চলতি বছরের জুন মাসে রাজস্থানের যোধপুরে শ্রী চামুণ্ডা মাতা মন্দির এবং গজানন মহারাজ মন্দির দর্শনে গিয়েছিলেন কঙ্গনা। সেই সময়ের ভিডিওই সমাজমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। ১১ জুন নিজের ইনস্টাগ্রামে মন্দির দর্শনের একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, শক্তি ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করার কথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি বিশেষ মাইলফলক উপলক্ষে তাঁকে অভিনন্দনও জানিয়েছিলেন কঙ্গনা। সেই সময়ের ভিডিওর সঙ্গে করবা চৌথের প্রসঙ্গ জুড়ে দিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ফলে ভিডিওটি দেখে কঙ্গনা এ বছর করবা চৌথে প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করেছেন বলে ধরে নেওয়ার কোনও ভিত্তি নেই। তাঁর পুরনো একটি মন্দির দর্শনের ভিডিওই নতুন প্রেক্ষাপটে ভাইরাল হয়েছে।
Leave a comment