কলকাতা: সঙ্গীতজগতের অন্যতম জনপ্রিয় মুখ শ্রেয়া ঘোষাল। দেশ-বিদেশের নানা মঞ্চে তাঁর গান মুগ্ধ করেছে শ্রোতাদের। তবে এবার তাঁর গানের পাশাপাশি চর্চায় উঠে এসেছে তাঁর পোশাক। বিদেশের মঞ্চে অনুষ্ঠান করলেও বাংলার শিকড়কে ভোলেননি গায়িকা। সম্প্রতি অকল্যান্ডে একটি অনুষ্ঠান করেছেন শ্রেয়া ঘোষাল। আর সেখানেই বাংলার শিল্পীদের হাতে তৈরি পোশাক পরে মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী। সোশ্যাল মিডিয়ায় পোশাকের ছবি ভাগ করে নিয়ে তার নেপথ্যের গল্পও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রেয়া।
শ্রেয়ার পোশাকটি ছিল ম্যাজেন্ডা রঙের করসেট। পোশাকের উপরের অংশে সাদা সুতোর সূক্ষ্ম কাঁথাস্টিচের কাজ। সঙ্গে ছিল সরু সরু প্লিট দেওয়া প্যান্ট। গলা থেকে পিঠ পর্যন্ত ছড়িয়ে থাকা একটি ওড়না, যা মুক্তোর ব্রোচ দিয়ে আটকানো ছিল। হাতে মুক্তোর ব্রেসলেট, আংটি, হাতপদ্ম এবং কানে ঝোলা দুল। হালকা মেকআপে শ্রেয়ার সাজে ধরা পড়েছিল আভিজাত্য ও সাবেকিয়ানার মিশেল।
এই পোশাকের পিছনে রয়েছে একটি লম্বা কাহিনি, যা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন গায়িকা নিজেই। শ্রেয়ার পোশাকটি তৈরি করেছেন বীরভূমের নানুরের বিবিজি এবং তাঁর সহশিল্পীরা। শ্রেয়ার কথায়, পোশাকের টপে কাঁথাস্টিচের কাজ করতে টানা ছয় দিন সময় লেগেছে। অন্যদিকে, প্যান্টের প্লিট তৈরি করতেই কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ। সব মিলিয়ে পোশাকটি সম্পূর্ণ করে কাজ করেছেন ২০ জন শিল্পী।
সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া লিখেছেন, “একজন বাঙালি হিসাবে এই পোশাকটি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমি কাঁথাস্টিচ দেখে বড় হয়েছি। আর সেটি অকল্যান্ডের অনুষ্ঠানে পরলাম। শিকড়ের সঙ্গে জুড়ে থাকার এর চেয়ে বড় সুযোগ আর কী-ই বা হতে পারে।” বিদেশের মাটিতে বাংলার ঐতিহ্যকে এভাবে তুলে ধরায় ইতিমধ্যেই নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়েছে।
Leave a comment