কলকাতা: রেকর্ড ভেঙে এবার আরও সুবিশাল রূপ নিতে চলেছে পুণ্যভূমি গঙ্গাসাগর মেলা! পুণ্যার্থীদের ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখে এবার এক ধাক্কায় মেলাপ্রাঙ্গণের আয়তন বাড়ানো হচ্ছে প্রায় ছয় লক্ষ বর্গফুট। নবান্ন সূত্রের খবর, এতদিন পর্যন্ত প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে মেলার মূল আয়োজন করা হলেও, চলতি বছরে তা বেড়ে দাঁড়াচ্ছে ১৮ লক্ষ বর্গফুটে। শুধু মেলাপ্রাঙ্গণের আয়তন বৃদ্ধিই নয়, সাগরে আগত লক্ষ লক্ষ পূর্ণার্থীর যাতায়াত এবং রাত্রিবাস সুগম করতে ঢেলে সাজানো হচ্ছে গোটা পরিকাঠামো। তৈরি করা হচ্ছে অতিরিক্ত বাসস্ট্যান্ড, হেলিপ্যাড এবং একাধিক সুবিশাল যাত্রীনিবাস। পাশাপাশি মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের কাজও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে কেবল মেলাপ্রাঙ্গণের সম্প্রসারণই নয়, গঙ্গাসাগরকে পূর্ণাঙ্গ ‘জাতীয় মেলা’র স্বীকৃতি দিতে এবার কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে চলেছে রাজ্য প্রশাসন। কুম্ভ মেলার সমকক্ষ এই পুণ্যতীর্থকে সুদৃঢ় রেল ও সড়ক যোগাযোগের আওতায় আনতে ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর কাছে দরবার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার এই বিষয়ে আশার আলো দেখিয়ে জানিয়েছেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বেশ কয়েক দফা ইতিবাচক আলোচনা সম্পূর্ণ হয়েছে এবং চলতি বছরের মধ্যেই গঙ্গাসাগর মেলা জাতীয় মেলার স্বীকৃতি পাবে বলে আশাবাদী প্রশাসন। সব মিলিয়ে দেশের অন্যতম সেরা ধর্মীয় মেলাকে বিশ্বমানের করে তুলতে সর্বশক্তি দিয়ে ময়দানে নেমেছে রাজ্য সরকার।
Leave a comment