কোচবিহার: ধর্মের আড়ালে আশ্রমের ভেতরেই তরুণীর সঙ্গে আপত্তিজনক কার্যকলাপের অভিযোগ উঠল এক সন্ন্যাসী মহারাজের বিরুদ্ধে। সেই চরম ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে আশ্রম চত্বরে শুরু হয় তীব্র বিক্ষোভ ও উত্তেজনা। মহারাজকে গ্রেপ্তারের দাবিতে আশ্রম ঘিরে ফেলে স্লোগান দিতে থাকেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পরিস্থিতি বেগতিক দেখে শেষপর্যন্ত পুলিশ গিয়ে অভিযুক্ত মহারাজকে আটক করে থানায় নিয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাই ব্লকের সালটিবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দশ বছর আগে সিতাই সালটিবাড়ি এলাকায় স্বামীজির নামে একটি আশ্রম গড়ে ওঠে। সেখানে মহারাজ হিসেবে দায়িত্বে রয়েছেন স্বামী জ্ঞানানন্দ। তাঁর সঙ্গেই থাকতেন আরও কয়েকজন সন্ন্যাসী ও আশ্রমিক। এমনকি এলাকার দুস্থ পরিবারের বহু শিশুকে সেখানে রেখে পড়াশোনা শেখানোর ব্যবস্থাও ছিল। মহারাজকে বিভিন্ন কাজে সাহায্যের জন্য আশ্রমে থাকতেন এক তরুণীও। অভিযোগ, সেই তরুণীর সঙ্গেই দীর্ঘদিন ধরে আশ্রমের অন্দরে আপত্তিজনক ও ঘনিষ্ঠ কাজকর্ম চালাচ্ছিলেন স্বামী জ্ঞানানন্দ। সম্প্রতি দু’জনের এমনই একটি আপত্তিকর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা ঘিরে তোলপাড় শুরু হয় গোটা এলাকায়।
ভিডিয়োটি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই রবিবার সকাল থেকে সালটিবাড়ির বাসিন্দারা আশ্রমের বাইরে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ শুরু করেন। মহারাজকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে উত্তেজনা চরমে পৌঁছায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার পুলিশ। ক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত মহারাজকে উদ্ধার করে সোজা থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই মহারাজকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিয়োটির সত্যতা কতটা এবং এর নেপথ্যে অন্য কোনও চক্র বা কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সিতাই থানার পুলিশ প্রশাসন।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন