দিঘা থেকে কলকাতায় ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। পূর্ব মেদিনীপুরের কাঁথির ছত্রধরা এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে যায় শীতাতপ নিয়ন্ত্রিত বেসরকারি বাসটি। দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার সকালে দিঘা থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল ‘সন্তোষ’ নামে বেসরকারি বাসটি। কাঁথির ছত্রধরা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই হঠাৎ একটি বাইক বাসের সামনে চলে আসে। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
জনস্বার্থে ভালো বিল হলে সমর্থন: UCC ইস্যুতে হুমায়ুন কবীর
মুহূর্তের মধ্যেই বাসটি রাস্তা ছেড়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। পরে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসে থাকা প্রায় সকলেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা।
ঘটনার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। চালকের বক্তব্য, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের ফেব্রুয়ারিতেও দিঘা থেকে কলকাতা ফেরার পথে প্রায় একই এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছিল। বারবার একই রাস্তায় এমন দুর্ঘটনা ঘটায় ওই এলাকায় পথ নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন