দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া মরশুমের প্রথম নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার দুপুরের পর এটি আরও সক্রিয় হয়ে বাংলা-ওডিশা উপকূলের দিকে এগোবে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরেই সপ্তাহান্তে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার রাত থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সকালেও আকাশ মেঘলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দিনের যে কোনও সময় শুরু হতে পারে ভারী বৃষ্টি। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। রবিবার এবং আগামী সপ্তাহের শুরুতেও বৃষ্টির দাপট বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
এই পরিস্থিতিতে কলকাতার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি হয়েছে। এছাড়া হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা রয়েছে। রবিবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মিষ্টিমুখ! নিমতিতায় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ উপভোক্তা মহিলাদের\
নিম্নচাপের জেরে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। তাই ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। সমুদ্রে থাকা মৎস্যজীবীদের দ্রুত নিরাপদে ফিরে আসতেও বলা হয়েছে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন