•
Home Top-News বিকেলের চায়ে বিস্কুট চাই-ই চাই? অজান্তেই বাড়ছে ডায়াবিটিসের ঝুঁকি?
Top-Newsলাইফস্টাইল

বিকেলের চায়ে বিস্কুট চাই-ই চাই? অজান্তেই বাড়ছে ডায়াবিটিসের ঝুঁকি?

Share
Hidden Stories News
ছবি: সংগৃহীত।
Share

কলকাতা: বিকেল হলেই মনটা গরম চা এবং সঙ্গে মুচমুচে কিছু একটা খেতে ইচ্ছে করে। কখনও বিস্কুট, কখনও কুকিজ, আবার কখনও চকোলেট বা কেক। পেট ভরা থাকলেও মিষ্টি খাওয়ার ইচ্ছে কমানো যায় না। কিন্তু জানেন কী, এই অভ্যাসই আপনার শরীরের ঝুঁকি বাড়াচ্ছে। ঘুমের অভাব থেকে শুরু করে খাবারের অনিয়ম, সঙ্গে মানসিক চাপও মিষ্টি জাতীয় খাবারের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলে। তাই বারবার মিষ্টি খেতে ইচ্ছে করলে শরীরের কয়েকটি সংকেত আগে বুঝে নিন।

১. দুপুরের খাবারে প্রোটিনের ঘাটতি

দুপুরের খাবারে পেট ভরে ভাত বা রুটি খেলেও প্রোটিনের ঘাটতি থেকে যায়। তাই প্রোটিনের অভাবে দুপুর গড়িয়ে বিকেল হলেই ফের খিদে পেতে পারে। তখন দ্রুত শক্তি পাওয়ার আশায় মিষ্টি জাতীয় খাবারের দিকে ঝোঁক বাড়ে। তাই দুপুরের পাতে ডাল, ডিম, মাছ, পনির কিংবা অন্য প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা জরুরি।


২. পর্যাপ্ত ঘুম না হওয়া

রাতে পর্যাপ্ত ঘুম না হলে তার প্রভাব পড়তে পারে পরের দিনের খাওয়াদাওয়াতে। এর ফলে শরীরে  হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। ফলে বেশি খিদে পাওয়ার পাশাপাশি মিষ্টি ও ক্যালোরিসমৃদ্ধ খাবারের প্রতি আকর্ষণও বাড়ে। তাই প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমের চেষ্টা করুন।

৩. শরীরে জলের ঘাটতি

সারা দিনে পর্যাপ্ত জল না খেলে শরীরে জলের ঘাটতি তৈরি হতে পারে। ফলে জল খাওয়ার পরিবর্তে অনেকে খাবারের দিকে ঝোঁকেন। বিকেলে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে আগে এক গ্লাস জল খেয়ে দেখতে পারেন। তবে জলের অভাবে বারবার যে মিষ্টি খেতে ইচ্ছে করার একমাত্র কারণ, এমনটা নয়।

আরও পড়ুন: বাইক ট্যাক্সিতে উঠেই হেলমেট পরছেন? অজান্তেই মাথায় বাসা বাঁধছে না তো জীবাণু!

৪. মানসিক চাপ ও মন খারাপ

কাজের চাপ, উদ্বেগ কিংবা মন খারাপের সময় অনেকেরই মিষ্টি খেতে ইচ্ছে করে। চকোলেট, কেকের  মতো খাবার সাময়িক স্বস্তির অনুভূতি দিতে পারে। একই সময়ে প্রতিদিন চায়ের সঙ্গে বিস্কুট বা কুকিজ খাওয়ার অভ্যাসও স্বাভাবিক রুটিনের অংশ হয়ে দাঁড়ায়।


রোজ মিষ্টি খাওয়ার অভ্যাসে কী ক্ষতি হয়?

মাঝেমধ্যে চায়ের সঙ্গে একটি বিস্কুট কিংবা কোনও মিষ্টি খাবার খেলে অসুবিধা নেই। কিন্তু প্রতিদিন অতিরিক্ত চিনি খেলে তার প্রভাব পড়ে স্বাস্থ্যে। ওজন বেড়ে যাওয়া, দাঁতের ক্ষয় এবং টাইপ ২ ডায়াবিটিসের ঝুঁকি সহ হৃদ্‌রোগের আশঙ্কাও বেড়ে যায়। তাই  প্রতিদিনের অতিরিক্ত চিনির অভ্যাস যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখুন। 

কীভাবে নিয়ন্ত্রণ করবেন মিষ্টি খাওয়ার ইচ্ছে?

প্রথমেই বাড়িতে সবসময় কেক, কুকিজ, চকোলেট কিংবা বিস্কুট মজুত করে রাখার অভ্যাস কমান। দুপুরের খাবারে পর্যাপ্ত প্রোটিন, শাকসব্জি ও ফাইবার রাখুন। দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না। নির্দিষ্ট সময় সুষম খাবার খান। পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত ঘুম এবং জল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। চায়ের সঙ্গে রাখতে পারেন ভাজা ছোলা, বাদাম, মাখানা কিংবা মরসুমি ফল। এতে পুষ্টির পাশাপাশি বিকেলের খিদেও মিটবে। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *