•
Home Top-News জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে যান নিয়ন্ত্রণ! কোন রাস্তা বন্ধ, কোথা থেকে মিলবে বাস?
Top-Newsপশ্চিমবঙ্গ

জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে যান নিয়ন্ত্রণ! কোন রাস্তা বন্ধ, কোথা থেকে মিলবে বাস?

Share
Hidden Stories News
কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় কী বিধিনিষেধ? ছবি: সংগৃহীত
Share

কলকাতা: জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরের রাস্তায় মানুষের ঢল নামে। আলোর জাঁকজমক, সাবেকি প্রতিমা আর পুজোর আনন্দ উপভোগ করতে দূরদূরান্ত থেকে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। আর এই বিপুল জনসমাগম সামলাতে এবার আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে নদিয়ার পুলিশ প্রশাসন। উত্তর কলকাতার চোরবাগানের মতো ঘটনা পুনরায় যাতে না ঘটে, তার জন্য রয়েছে একাধিক বিধিনিষেধ।   পুজোর দিনগুলিতে শহরে যানজট এড়াতে একাধিক রাস্তায় যান চলাচল  নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি বিভিন্ন রুটের বাস চলাচলেও বদল আনা হয়েছে। আপনিও কি এবার কৃষ্ণনগরে যাওয়ার পরিকল্পনা করছেন? বেরোনোর আগে জেনে নিন পুলিশের এই নির্দেশিকা।


জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে যান নিয়ন্ত্রণ করা হবে। ১৬ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে ১৭ নভেম্বর গভীর রাত পর্যন্ত বিধিনিষেধ থাকবে। আবার একইভাবে ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে ১৮ নভেম্বর গভীর রাত পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত হবে। ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু করে ১৯ নভেম্বর গভীর রাত পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে।

অন্যদিকে, ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে প্রতিমা বিসর্জন। তা শেষ না হওয়া পর্যন্ত একইভাবে যান চলাচলে নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। বিসর্জন প্রক্রিয়া ২০ কিংবা ২১ নভেম্বর পর্যন্ত গড়ালে সেই সময়েও বিধিনিষেধ বহাল থাকবে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে জরুরি পরিষেবা এবং অত্যাবশ্যকীয় সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনের ক্ষেত্রে এই বিধিনিষেধ থাকবে না।

আরও পড়ুন: এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় কঠোর বিধিনিষেধ, সম্পূর্ণ নিষিদ্ধ ‘ভিআইপি এন্ট্রি’, ডিজে ও আতশবাজি

বাস পরিষেবাতেও বেশ কিছু বদল আনা হয়েছে। পুজোর নির্দিষ্ট দিনগুলিতে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে সকল রুটের বাস ছাড়তে পারবে না। শহরের ভিতরেও বাস প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকবে। পুলিশের তরফে যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন রুটের বাসের বিকল্প যাত্রাস্থল নির্দিষ্ট করে দিয়েছে। 

নির্দেশিকা অনুযায়ী, করিমপুর, তেহট্ট এবং বেথুয়াডহরিগামী বাসগুলি কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকেই ছাড়বে। অন্যদিকে, কৃষ্ণনগরগঞ্জ, মাজদিয়া, ইব্রাহিমপুর এবং কদমঘাটগামী বাস ধরতে হবে গোদাডাঙা নো এন্ট্রি পয়েন্ট থেকে। মায়াপুর, কালীগঞ্জ, পলাশী, অগ্রদ্বীপ, নবদ্বীপ ঘাট, বর্ধমান, কাটোয়া, ইসলামপুর এবং দুর্গাপুরগামী বাসের জন্য নির্দিষ্ট করা হয়েছে হলি ফ্যামিলি স্কুলের কাছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ। এছাড়া হাঁসখালি, বগুলা, দত্তফুলিয়া এবং বনগাঁগামী বাস কালতলা, পাণ্ডব মোড় সংলগ্ন এলাকা থেকে ছাড়বে। রানাঘাট, শান্তিপুর ও বাদকুল্লাগামী বাসের যাত্রীদের যেতে হবে পালপাড়া মোড়ে।

এদিকে, শহরের বিভিন্ন দিক থেকে যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করতে মোট ন’টি জায়গাকে নো এন্ট্রি জোন হিসেবে চিহ্নিত করেছে। প্রশাসনের মূল লক্ষ্যই হল, পুজোর ভিড় সামলে যান চলাচল স্বাভাবিক রাখা। তাই কৃষ্ণনগরে ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা থাকলে আগেভাগেই পুলিশের নির্দেশিকা মেনে চলুন। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *