পুণের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের তদন্তে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার তদন্তকারীদের দাবি, মূল অভিযুক্ত সিয়া গোয়েল ও চেতন চৌধরীর সম্পর্কের শুরু হয়েছিল ক্রিকেট মাঠে। সিয়ার দাদা সাহিল গোয়েলের মাধ্যমেই চেতনের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়েছিল বলে অনুমান পুলিশের।
তদন্তে জানা গিয়েছে, চেতন একজন ক্রিকেটার। অতীতে সাহিল গোয়েলের সঙ্গে একাধিক ম্যাচ খেলেছেন তিনি। সেই সময় ভাইয়ের সঙ্গে মাঠে যেতেন সিয়াও। সেখান থেকেই দু'জনের পরিচয়। পরে ২০২৫ সালের দেওয়ালির সময় এক পরিচিতের পার্টিতে ফের দেখা হয় তাঁদের। এরপরই ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। পুলিশের দাবি, পরিবারের আপত্তির কারণেই এই সম্পর্ক মেনে নেওয়া হয়নি। পরে ব্যবসায়ী পরিবারের ছেলে কেতন আগরওয়ালের সঙ্গে সিয়ার বিয়ে ঠিক হয়। তদন্তে উঠে এসেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সিয়া ও চেতনের মধ্যে ২,০০৪ বার ফোনে কথা হয়েছিল, যার মোট সময় প্রায় ২৩৮ ঘণ্টা। এই কল রেকর্ড এখন তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে, শুক্রবার প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিয়ার দাদা সাহিল গোয়েলকে। পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞরা অভিযুক্তদের মোবাইল থেকে মুছে ফেলা হোয়াটসঅ্যাপ চ্যাট, ইনস্টাগ্রাম মেসেজ এবং অন্যান্য ডিজিটাল তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করছেন। তদন্তকারীদের নজরে রয়েছে ১৭ জুন লুল্লানগরের একটি ক্যাফেতে সিয়া ও চেতনের প্রায় এক ঘণ্টার বৈঠকও। অভিযোগ, কেতনকে খুনের আগের দিন সেখানেই হত্যার ছক কষা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ১৮ জুন লোহাগড় দুর্গের খাদে পড়ে মৃত্যু হয় কেতন আগরওয়ালের।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন