আর চার মাসও বাকি নেই দুর্গাপুজোর। এই সময় থেকেই কলকাতার বড় বড় পুজো কমিটিগুলিতে শুরু হয়ে যায় মণ্ডপ নির্মাণ, থিমের প্রস্তুতি এবং স্পনসরদের আনাগোনা। কিন্তু এ বছর ছবিটা একেবারেই আলাদা। রাজ্যের রাজনৈতিক পালাবদল, একাধিক তৃণমূল নেতার গ্রেপ্তারি, দলের ভাঙন এবং সরকারি অনুদান নিয়ে অনিশ্চয়তার জেরে কলকাতার বহু হাই-প্রোফাইল পুজোর ভবিষ্যৎ নিয়েই উঠছে বড় প্রশ্ন।
কলকাতার দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতি বছর আলোকসজ্জা, বিশাল মণ্ডপ এবং অভিনব থিমে নজর কাড়ে এই পুজো। কিন্তু প্রাক্তন মন্ত্রী সুজিত বোসকে ঘিরে বিতর্ক এবং প্রশাসনিক পরিবর্তনের আবহে এবার সেই জৌলুস অনেকটাই কমতে পারে বলে জল্পনা।
স্থানীয় সূত্রের দাবি, এবার তুলনামূলকভাবে সাদামাটা আয়োজন এবং সাবেকি পুজোর দিকেই ঝুঁকতে পারে শ্রীভূমি। নতুন কমিটি গঠন করেই পুজোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই পরিস্থিতি শহরের আরও একাধিক নামী পুজোতেও। অরূপ বিশ্বাসের সঙ্গে যুক্ত সুরুচি সংঘে এখনও জোরদার প্রস্তুতির ছবি নেই। গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাব ও ত্রিধারার নেপথ্যের দুই পরিচিত মুখ চন্দ্রিমা ভট্টাচার্য এবং দেবাশিস কুমার এখন রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে। ফলে সেই পুজোগুলির বাজেট ও আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পাটুলির কেন্দুয়া শান্তি সংঘের অন্যতম উদ্যোক্তা কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বর্তমানে পুলিশ হেফাজতে। রাজডাঙা নব উদয় সংঘের সঙ্গে যুক্ত সুশান্ত ঘোষও তদন্তের আওতায়। ফলে এই দুই পুজোর প্রস্তুতিও অনেকটাই ধীরগতিতে চলছে বলে খবর। অন্যদিকে টালা প্রত্যয়ের পুজোতেও দেখা দিয়েছে নতুন জটিলতা। বেআইনি জমি দখলের অভিযোগে মণ্ডপ নির্মাণের প্রাথমিক কাজ বন্ধ রাখতে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে শিল্পী বদল এবং বাজেট কমানোর মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
লালগোলায় বড়সড় অস্ত্র উদ্ধার! ৩ আগ্নেয়াস্ত্র, ২১ কার্তুজ-সহ গ্রেফতার ২ দুষ্কৃতী
এবার সরকারি অনুদান নিয়েও রয়েছে ধোঁয়াশা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ইঙ্গিত দিয়েছেন, আগের মতো সব ক্লাব সরকারি অনুদান পাবে না। ফলে বহু পুজো কমিটিকেই এখন স্পনসর নির্ভর হয়ে এগোতে হচ্ছে। রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় কর্পোরেট সংস্থাগুলির অবস্থানও কী হবে, তা নিয়েও চলছে জল্পনা। তবে সব পুজোই যে অনিশ্চয়তায়, তা নয়। বড়িষা ক্লাব ইতিমধ্যেই খুঁটিপুজো সেরে ফেলেছে। চেতলা অগ্রণীর তরফেও জানানো হয়েছে, প্রতিবারের মতো ধুমধাম করেই দুর্গাপুজোর আয়োজন হবে। এখন নজর একটাই—রাজনৈতিক পালাবদলের আবহে কলকাতার কোন বিগ বাজেট পুজো আগের জৌলুস ধরে রাখতে পারে, আর কোন পুজোকে বাস্তবতার সঙ্গে মানিয়ে বাজেট ও আয়োজন কমাতে হয়।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন