মুম্বই: ঘড়ির কাঁটায় তখন ঠিক মধ্যরাত।
প্রতিবারের মতো এবার ২ নভেম্বর জন্মদিনের চেনা ঠিকানায় অর্থাৎ ‘মন্নতে’র বাইরে ভক্তদের সেই চিরাচরিত জনসুনামি দেখা না গেলেও, উন্মাদনার পারদে এতটুকুও ভাটা পড়েনি। বরং পালি হিলের বিলাসবহুল ডুপ্লেক্সের বাইরে এবং মুম্বইয়ের এক অভিজাত হোটেলের চত্বরে উপচে পড়ল হাজার হাজার জাবরা ফ্যানের বাঁধভাঙা ভিড়।
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে মধ্যরাতে কেক কেটে ৬১তম জন্মদিন উদযাপন করলেন খোদ বলিউড বাদশা শাহরুখ খান। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ভক্তদের জন্য ডবল ধামাকা, একদিকে পালি হিলে অনুরাগীদের উদ্দেশে উড়ন্ত চুমু ও সই করা বিশেষ বার্তার উপহার, অন্যদিকে জন্মদিনের প্রথম প্রহরেই মুক্তি পেল শাহরুখ-দীপিকা জুটির আসন্ন মেগা প্রজেক্ট ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’!
চলতি বছর মন্নতের সংস্কার ও সম্প্রসারণের কাজ চলায় পরিবার নিয়ে সাময়িকভাবে পালি হিলের বিলাসবহুল আবাসনে রয়েছেন শাহরুখ। ফলে মন্নতের সেই আইকনিক ছাদে দাঁড়িয়ে হাত নাড়ার চিরন্তন দৃশ্য এ বছর দেখা না গেলেও, অনুরাগীদের নিরাশ করেননি ‘বাদশা’।
আরও পড়ুন: পর্দাতে কিং দর্শন! মন্নতের বাইরে বিরাট চমক
সোমবার ভোররাতে মুম্বইয়ের এক বিলাসবহুল রেস্তরাঁর বাইরে আসার সময় অপেক্ষমান ভক্তদের দেখে থমকে দাঁড়ান তিনি। ক্যাজুয়েল লুকে গাড়িতে ওঠার ঠিক আগে অনুরাগীদের উদ্দেশে করজোড়ে ভালোবাসা জানিয়ে ছুড়ে দেন তাঁর সই-মোহর দেওয়া সেই বিখ্যাত ‘উড়ন্ত চুমু’। প্রিয় তারকার এই ছোট্ট আদরেই মুহূর্তে আবেগঘন হয়ে ওঠে পালি হিলের চত্বর। জানা গিয়েছে, এই জন্মদিনের পার্টিতে শাহরুখকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন সুপারস্টার সলমন খানও।
অন্যদিকে, ভক্তদের ভালোবাসার নিখাদ প্রতিদান দিতে ভোলেননি শাহরুখ নিজেও। সংস্কারের আড়ালে থাকা ‘মন্নত’-এর বাইরে টাঙানো একটি বিশেষ বিলবোর্ডে অনুরাগীদের উদ্দেশে শাহরুখের নিজের হাতে সই করা একটি বিশেষ বার্তা নজর কেড়েছে।
সেখানে তিনি লিখেছেন, ‘‘আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকেও আপনাদের প্রত্যেকের জন্য রইল অফুরন্ত ভালোবাসা— অনেক ভালোবাসা ও একরাশ আলিঙ্গন।’’
মুম্বইয়ের গণ্ডী পেরিয়ে জন্মদিনের এই সেলিব্রেশন ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক স্তরেও। দুবাইয়ের আকাশ ছোঁয়া আইকনিক বুর্জ খলিফা এ দিন আলোয় ঝলমল করে ওঠে। বিশ্বের উচ্চতম এই ভবনে ভেসে ওঠে শাহরুখ খানের বিশালাকার ছবি এবং জন্মদিনের শুভেচ্ছাবার্তা— ‘উই লাভ ইউ এসআরকে’। শুধু তাই নয়, দুবাই ফাউন্টেনের বিশেষ প্রদর্শনীতে বেজে ওঠে ‘ওম শান্তি ওম’ এবং ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর মতো কালজয়ী ছবির জনপ্রিয় সব গান। পাশাপাশি, বাদশাকে সম্মান জানাতে আলোয় সেজে ওঠে মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কও।
তবে জন্মদিনের সবথেকে বড় চমকটি লুকিয়ে ছিল অনুরাগীদের জন্য উপহার হিসেবে। জল্পনার অবসান ঘটিয়ে ২ নভেম্বর সকালেই মুক্তি পেল সুজয় ঘোষের পরিচালনায় শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’।
অরিজিৎ সিংয়ের জাদুকরি কণ্ঠে এই গানে শাহরুখ ও দীপিকা পাডুকোনের অনবদ্য রোম্যান্স নতুন করে মনে করিয়ে দিয়েছে ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর দিনগুলো। শুধু তাই নয়, অরিজিতের সঙ্গে এই গানে ব্রিটিশ গায়ক এড শিরানের র্যাপের ফিউশন গানটিকে পৌঁছে দিয়েছে এক অন্য উচ্চতায়।
সামাজিক মাধ্যমে ছবিটির একটি রোমাঞ্চকর ঝলক শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘‘সৌভাগ্যবানরাই ভালোবাসা পায়। যেখানে বারুদের গন্ধের মাঝেও গোলাপ ফোটে। প্রেম ও অন্যান্য যুদ্ধের গল্প…।’’ গানে বাদশার কণ্ঠে উঠে এসেছে একের পর এক মারকাটারি সংলাপ, ‘‘আমি খুনি নই, একজন প্রেমিক। আমার প্রেয়সীই আমার লক্ষ্য। আর যে প্রেমিক হৃদয় ভেদ করে গভীরে পৌঁছাতে না পারে, সে আবার কেমন প্রেমিক?’’
আবার অন্য একটি দৃশ্যে তাঁর হুঙ্কার, ‘‘এবার আমার হৃদয়ে আগুন জ্বলছে। গোটা পৃথিবীকে জ্বালিয়ে ছারখার না করা পর্যন্ত সেই আগুন নিভবে না।’’ রোম্যান্টিক প্রেমিকের চশমা ও কোটের আড়ালে খোদ শাহরুখের এই রুদ্র এবং অ্যাকশনপ্যাকড রূপ দেখে বয়স যেন থমকে গেছে ৬১-র যুবকের শরীরে! গানজুড়ে শাহরুখ-দীপিকার রসায়ন এবং ধুঁয়াধার অ্যাকশনের ঝলক সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ একলাফে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সব মিলিয়ে, ৬১তম জন্মদিনের এই লগ্ন প্রমাণ করে দিল যে বয়সের সংখ্যা বাড়লেও দেশ-বিদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে এখনও একচ্ছত্র অধিপতি হয়ে রাজত্ব করছেন বলিউড বাদশা শাহরুখ খান।
Leave a comment